দেশে ইন্টারনেট সংযোগ ১১ কোটি ১১ লাখ, মোবাইল গ্রাহক ১৬ কোটি ৭১ লাখ

৩ নভেম্বর, ২০২০ ১৯:৫১  
দেশে ইন্টারনেট ব্যবহারকারী ১১ কোটি ছাড়িয়েছে। আর মোবাইল গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ কোটি ৭১ লাখ ৯ হাজারে। বিটিআরসি’র সর্বশেষ প্রকাশিত গ্রাহক সংখ্যার হিসাব বলছে, শুধু সেপ্টেম্বর মাসেই ইন্টারনেট গ্রাহক বেড়েছে ২৯ লাখ।  মোট গ্রাহক দাঁড়িয়েছে ১১ কোটি ১১ লাখে। এর মধ্যে মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারকারী প্রায় ১০ কোটি ২৫ লাখ। আর ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগধারী রয়েছেন ৮৬ লাখ ৫৬ হাজার। অপরদিকে মোট মোবাইল গ্রহকদের মধ্যে গ্রামীণফোনের রয়েছে ৭ কোটি ৭৫ লাখ ৯২ হাজার সংযোগ, রবির ৫ কোটি ১ লাখ ২৬ হাজার, বাংলালিংকের ৩ কোটি ৪৭ লাখ ৭৮ হাজার এবং টেলিটকের ৪৬ লাখ ১২ হাজার। ব্রডব্যান্ডে একটি সংযোগের বিপরীতে গড়ে চারজন গ্রাহক ইন্টারনেট ব্যবহার করেন বলে গণ্য করা হয়। বিটিআরসির হিসাবে সর্বশেষ ৯০ দিনের মধ্যে কোনো ব্যক্তি এক দিন ইন্টারনেটে প্রবেশ করলেই তাকে গ্রাহক হিসেবে গণ্য করা হয়।